এইচএসসিব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ব্যবসায় পরিবেশ জ্ঞানমূলক প্রশ্ন PDF Download করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।
ব্যবসায় পরিবেশ জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬
প্রশ্ন-১. পরিবেশ কী?
উত্তর: মানুষ যে পারিপার্শ্বিকতার মধ্যে বসবাস ও জীবনধারণ করে এবং যা জীবনধারাকে প্রভাবিত করে, তাকেই তার পরিবেশ বলে।
প্রশ্ন-২. ব্যবসায় পরিবেশ কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ যেসব পারিপার্শ্বিক উপাদান বা শক্তির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। অর্থাৎ ব্যবসায়ের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানের সমন্বয় হলো ব্যবসায় পরিবেশ।
প্রশ্ন-৩. ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিরাজমান যেসব উপাদান ব্যবসায়ের ওপর সরাসরি প্রভাব ফেলে, সেগুলোর সমষ্টিকে ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ বলে।
প্রশ্ন-৪. ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের যেসব পরিবেশগত উপাদান ব্যবসায়ের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলে, তাকে ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ বলে।
প্রশ্ন-৫. ব্যবসায়ের কার্য পরিবেশ কাকে বলে?
উত্তর: ব্যবসায়ের বাইরের যে সকল নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষ ব্যবসায়ের কাজের ওপর সরাসরি প্রভাব ফেলে, তাদের সমন্বয়ে গঠিত পরিবেশকে ব্যবসায়ের কার্য পরিবেশ বলে।
প্রশ্ন-৬. ব্যবসায়ের অনুকূল উপাদান কী?
উত্তর: ব্যবসায়ের উন্নতি, প্রসার এবং বেশি মুনাফা অর্জনে সহায়তাকারী উপাদানগুলোকে ব্যবসায়ের অনুকূল উপাদান বলে।
প্রশ্ন-৭. প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ কী?
উত্তর: কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়তন, অবস্থান প্রভৃতি প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদানের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
প্রশ্ন-৮. সমুদ্রসৈকত কোন পরিবেশের আওতায় পড়ে?
উত্তর: সমুদ্রসৈকত প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত।
প্রশ্ন-৯. অর্থনৈতিক পরিবেশ কী?
উত্তর: কোনো দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা, জনগণের আয় ও সঞ্চয়, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ প্রভৃতি অর্থনৈতিক কাজের ওপর ভিত্তি করে যে পরিবেশ তৈরি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
আরো পড়ুন: ব্যবস্থাপনা ব্যবসায়ের মৌলিক ধারণা জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১০. অর্থ ও ঋণ ব্যবস্থা কী?
উত্তর: ব্যবসায় প্রবর্তন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধন সরবরাহের ব্যবস্থাকে অর্থ ও ঋণ ব্যবস্থা বলে।
প্রশ্ন-১১. মূলধন কী?
উত্তর: ব্যবসায়ে নিয়োজিত অর্থ, সম্পদ ও দ্রব্য সামগ্রীকে মূলধন বলে।
প্রশ্ন-১২. শেয়ারবাজার কোন পরিবেশের আওতায় পড়ে?
উত্তর: শেয়ারবাজার অর্থনৈতিক পরিবেশের আওতায় পড়ে।
প্রশ্ন-১৩. শ্রমশক্তি কোন পরিবেশের উপাদান?
উত্তর: শ্রমশক্তি অর্থনৈতিক পরিবেশের উপাদান।
প্রশ্ন-১৪. দক্ষ শ্রমশক্তি কী?
উত্তর: সুস্থ, নিষ্ঠাবান, কর্মতৎপরতাসহ নির্দিষ্ট কাজে অভিজ্ঞ ও পারদর্শী ব্যক্তি বা শ্রমিককে দক্ষ শ্রমশক্তি বলে।
প্রশ্ন-১৫. মুদ্রাস্ফীতি কী?
উত্তর: দীর্ঘ সময়ের জন্য দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া হলো মুদ্রাস্ফীতি।
প্রশ্ন-১৬. সামাজিক পরিবেশ কী?
উত্তর: সমাজে বসবাসরত মানুষের সংখ্যা, শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, জাতীয়তা প্রভৃতি, যা জীবন ধারাকে প্রভাবিত করে, তাকে সামাজিক পরিবেশ বলে।
প্রশ্ন-১৭. ব্যবসায়িক সুনাম কোন পরিবেশের উপাদান?
উত্তর: ব্যবসায়িক সুনাম সামাজিক পরিবেশের উপাদান।
প্রশ্ন-১৮. সাংস্কৃতিক পরিবেশ কী?
উত্তর: কোনো এলাকার মানুষের মাঝে দীর্ঘদিনে গড়ে ওঠা ধ্যান-ধারণা, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ, রীতি ও প্রথা প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে।
প্রশ্ন-১৯. মূল্যবোধ কোন পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান?
উত্তর: মূল্যবোধ ব্যবসায়ের সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত।
প্রশ্ন-২০. রাজনৈতিক পরিবেশ কী?
উত্তর: কোনো দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি, তাদের নেতৃত্ব ও চিন্তা-ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতির সমন্বয়ে যে পারিপার্শ্বিকতার সৃষ্টি হয়, তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
প্রশ্ন-২১. আইন-শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?
উত্তর: আইন-শৃঙ্খলা রাজনৈতিক পরিবেশের উপাদান।
প্রশ্ন-২২. সার্বভৌমত্ব ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্গত?
উত্তর: সার্বভৌমত্ব ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশের অন্তর্গত।
প্রশ্ন-২৩. আন্তর্জাতিক সম্পর্ক ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
উত্তর: আন্তর্জাতিক সম্পর্ক ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশের উপাদান।
প্রশ্ন-২৪. আমদানি-রপ্তানি নীতি কোন ধরনের পরিবেশের উপাদান?
উত্তর: আমদানি-রপ্তানি নীতি ব্যবসায়ের নৈতিক পরিবেশের উপাদান।
প্রশ্ন-২৫. সমুদ্রসীমা নির্ধারণ কোন পরিবেশের উপাদান?
উত্তর: সমুদ্রসীমা নির্ধারণ রাজনৈতিক পরিবেশের উপাদান।
প্রশ্ন-২৬. ধর্মীয় পরিবেশ কী?
উত্তর: ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় চর্চা, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় দ্বন্দ্ব, ধর্মীয় অনুশাসন ও আচার-আচরণ থেকে কোনো সমাজের অভ্যন্তরে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে ধর্মীয় পরিবেশ বলে।
প্রশ্ন-২৭. ব্যবসায়ের আইনগত পরিবেশ কী?
উত্তর: ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক ও শিল্প আইন, পরিবেশগত আইন, শ্রম আইন প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে ব্যবসায়ের আইনগত পরিবেশ বলে।
প্রশ্ন-২৮. শুল্ক কোন পরিবেশের উপাদান?
উত্তর: শুল্ক আইনগত পরিবেশের উপাদান।
প্রশ্ন-২৯. প্রযুক্তিগত পরিবেশ কী?
উত্তর: বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ প্রভৃতি মিলে একটি দেশের অভ্যন্তরে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
প্রশ্ন-৩০. পণ্য গবেষণা কোন পরিবেশের উপাদান?
উত্তর: পণ্য গবেষণা প্রযুক্তিগত পরিবেশের উপাদান।
প্রশ্ন-৩১. কারিগরি জ্ঞান কোন পরিবেশের উপাদান?
উত্তর: কারিগরি জ্ঞান প্রযুক্তিগত পরিবেশের উপাদান।
প্রশ্ন-৩২. ভোক্তা কাকে বলে?
উত্তর: যে বা যারা পণ্য বা সেবা ব্যবহারের মাধ্যমে এর উপযোগ শেষ করে, তাকে ভোক্তা বলে।
প্রশ্ন-৩৩. লালফিতার দৌরাত্ম্য কী?
উত্তর: সনাতন রীতি অনুযায়ী প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত সংক্রান্ত বিষয় লালফিতায় নথিবন্ধ রাখাকে লালফিতার দৌরাত্ম্য বলে।
প্রশ্ন-৩৪. আমলাতান্ত্রিক জটিলতা কাকে বলে?
উত্তর: সরকারি কর্মচারী কর্তৃক অবহেলা ও অতিরিক্ত সাংগঠনিক স্তরের কারণে কাজের গতি কমে যাওয়াকে আমলাতান্ত্রিক জটিলতা বলা হয়।
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ব্যবসায় পরিবেশ জ্ঞানমূলক প্রশ্ন PDFDownload করুন।






