রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসি রসায়ন ১ম পত্রের রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন একসাথে দেওয়া হলো। রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন PDFDownload করে অফলাইনেও পড়তে পারবে । তাহলে চলো, শুরু করি।


রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১) রাসায়নিক সাম্যাবস্থা কী?

উ: রাসায়নিক সাম্যাবস্থা হলো এমন একটি অবস্থা যখন কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়া বা অগ্রবর্তী বিক্রিয়ার গতিবেগ পশ্চাৎবর্তী বা বিপরীত বিক্রিয়ার গতিবেগের সমান হয়।

২) প্রভাবক কাকে বলে?

উ: যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রভাবক বলে।

৩) প্রভাবক বিষ কী?

উ: যেসব পদার্থের উপস্থিতির কারণে প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয় এমনকি বন্ধও হয়ে যায় তাদেরকে প্রভাবক বিষ বলে।

৪) অটো প্রভাবক কাকে বলে?

উ: যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়াজাত যেকোনো একটি উপাদান প্রভাবক হিসেবে বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে তবে সেই বিক্রিয়াজাত পদার্থকে অটো প্রভাবক বলে।

৫) বাফার ক্রিয়া কী?

উ: কোনো দ্রবণের সামান্য পরিমাণ এসিড বা ক্ষারক যোগ করলে সে দ্রবণের pH পরিবর্তনে বাধা দেওয়ার ক্রিয়াকৌশল বা প্রক্রিয়াকে বাফার ক্রিয়া বলে।

৬) লা-শাতেলিয়ার নীতিটি বিবৃত কর।

উ: লা-শাতেলিয়ার নীতিটি হলো- যেসব নিয়ামকের (তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা) উপর কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ভরশীল তাদের যে কোনো এক বা একাধিক নিয়ামকের পরিবর্তন ঘটলে সাম্যাবস্থার অবস্থান ডানে বা বামে এমনভাবে স্থানান্তরিত হয় যাতে এসব নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

৭) ভরক্রিয়া সূত্রটি লিখ।

উ: ভরক্রিয়া সূত্রটি হলো- নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক।

৮) pH এর সংজ্ঞা লিখ।

উ: কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে।

৯) বাফার দ্রবণ কী?

উ: যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা ক্ষারকের দ্রবণ যোগ করার পরও দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে, তাকে বাফার দ্রবণ বলে।

আরো পড়ুন: এইচএসসি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম জ্ঞানমূলক প্রশ্ন

১০) মোলার সাম্যধ্রুবক কাকে বলে?

উ: কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় ভর-ক্রিয়ার সূত্র মতে বিক্রিয়ক ও উৎপাদের সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করে প্রাপ্ত সাম্যধ্রুবককে মোলার সাম্যধ্রুবক বলা হয়।

১১) pKw কী?

উ: K-এর ঋণাত্মক লগারিদমকে বলা হয় pKw।

১২) এসিডের বিয়োজন ধ্রুবক কী?

উ: প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ঐ এসিডের বিয়োজন ধ্রুবক বলে।

১৩) ক্ষারকের বিয়োজন ধ্রুবক কী?

উ: প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো ক্ষারকের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, তাকে ঐ ক্ষারকের বিয়োজন ধ্রুবক বলে।

১৪) মানুষের রক্তের pH কত?

উ: মানুষের রক্তের pH হলো 7.4।

১৫) সমসত্ত্ব সাম্যাবস্থা কী?

উ: যে সাম্যাবস্থায় কোন উভমুখী বিক্রিয়ায় সবকটি বিক্রিয়ক ও উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে তাকে সমসত্ত্ব সাম্যাবস্থা বলে।

১৬) ঋণাত্মক প্রভাবক কাকে বলে?

উ: যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে, তাকে ঋণাত্মক প্রভাবক বলে।

১৭) সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়ার গতিশীলতা কী?

উ: রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় যদিও বিক্রিয়ক ও উৎপাদসমূহের পরিমাণ পরিবর্তিত হয় না তথাপি সম্মুখ বিক্রিয়া এবং বিপরীতমুখী বিক্রিয়া সমগতিতে চলতে থাকে। এ অবস্থাকে সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়ার গতিশীলতা বলে।

১৮) ল্যাপলাসের সূত্রটি লেখ।

উ: ল্যাপলাসের সূত্রটি হলো- কোনো বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটার সময়ও ঐ একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তবে চিহ্ন বিপরীত হয়।

১৯) অম্লীয় বাফার দ্রবণ কী?

উ: একটি মৃদু এসিড দ্রবণের সাথে ঐ এসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে দ্রবীভূত করলে উৎপন্ন বাফার দ্রবণকে অম্লীয় বাফার দ্রবণ বলে।

২০) বাফার ক্ষমতা কাকে বলে?

উ: বাফার দ্রবণের একক pH পরিবর্তনের জন্য কোনো তীব্র ক্ষারকের যতটুকু ঐ দ্রবণে যোগ করতে হয়, তাকে বাফার ক্ষমতা বলে।

২১) হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটি লিখ।

উ: হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটি হচ্ছে- pH = pKa + log (লবণ/অম্ল)

২২) দ্রুত গতির বিক্রিয়া কাকে বলে?

উ: যে সব বিক্রিয়া অত্যন্ত দ্রুত হারে সাধারণত 10-16 – 10-12  সেকেন্ডের মধ্যে সংঘটিত হয় তাদেরকে দ্রুত গতির বিক্রিয়া বলে।

আরো পড়ুন: এইচএসসি গুণগত রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন

২৩) তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে?

উ: যে সকল বিক্রিয়া সংঘটনের সময় তাপ নির্গত বা বিমুক্ত হয় সে সকল বিক্রিয়াকে তাপোৎপাদী বিক্রিয়া বলে।

২৪) প্রভাবক কী?

উ: যে পদার্থ অল্প পরিমাণে বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠনে ও ভরে অপরিবর্তিত থাকে তাকে প্রভাবক বলে।

২৫) প্রভাবক বিবর্ধক কী?

উ: যে সকল বস্তু নিজে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করতে পারে না কিন্তু প্রভাবকের সাথে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাদেরকে প্রভাবক বিবর্ধক বলা হয়।

২৬) এনজাইম কী?

উ: জীবন্ত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ হতে উৎপন্ন, উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত প্রোটিন নামক জটিল জৈব পদার্থই হলো এনজাইম।

২৭) সমসত্ত্ব প্রভাবক কী?

উ: যে প্রভাবন বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকসহ বিক্রিয়ার সকল পদার্থ একই দশায় বা অবস্থায় বর্তমান থাকে তাকে সমসত্ত্ব প্রভাবক বলে।


এইচএসসি রসায়ন ১ম পত্রের রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top