এইচএসসিব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ব্যবসায়ের মৌলিক ধারণা জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।
ব্যবসায়ের মৌলিক ধারণা জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬
প্রশ্ন-১. ব্যবসায় কী?
উত্তর: মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য ও সেবা উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সব বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।
প্রশ্ন-২. ব্যবসায়ের মুখ্য/মৌলিক উদ্দেশ্য কী?
উত্তর: ব্যবসায়ের মৌলিক বা মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা।
প্রশ্ন-৩. বিনিময় প্রথা (Bartar System) কী?
উত্তর: একটি পণ্যের বিনিময়ে অন্য কোনো পণ্য দেওয়া-নেওয়ার সনাতন পদ্ধতিকে বিনিময় প্রথা বলে।
প্রশ্ন-৪. শিল্পবিপ্লব কী?
উত্তর: যান্ত্রিক শক্তি আবিষ্কার ও ব্যবহারের ফলে অষ্টাদশ শতাব্দীর শেষে ইউরোপ ও আমেরিকার শিল্পজগতে পণ্য উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক উন্নতি হয়, তাকে শিল্পবিপ্লব বলে।
প্রশ্ন-৫. শিল্প কী?
উত্তর: প্রাকৃতিক সম্পদ আহরণ ও তা প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহারযোগ্য পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে শিল্প বলে।
প্রশ্ন-৬. উপযোগ কী?
উত্তর: কোনো জিনিসের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে।
প্রশ্ন-৭. প্রাথমিক শিল্প কী?
উত্তর: প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ ও উৎপাদনের সব ধরনের প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলে।
প্রশ্ন-৮. প্রজনন শিল্প কাকে বলে?
উত্তর: উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার ও লালন-পালন প্রক্রিয়ার সাথে জড়িত কার্যক্রমকে প্রজনন শিল্প বলে। যেমন: নার্সারি, পোলট্রি ফার্ম প্রভৃতি।
প্রশ্ন-৯. নিষ্কাশন শিল্প কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু থেকে সম্পদ আহরণ বা উত্তোলন করা হয়, তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন: নদ-নদী থেকে মাছ আহরণ।
প্রশ্ন-১০. সমুদ্র থেকে মাছ শিকার কোন শিল্পের অন্তর্গত?
উত্তর: সমুদ্র থেকে মাছ শিকার নিষ্কাশন শিল্পের অন্তর্গত।
প্রশ্ন-১১. উৎপাদন শিল্প কী?
উত্তর: যে শিল্পে শ্রম ও যন্ত্রপাতির মাধ্যমে কাঁচামালকে রূপান্তর করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে উৎপাদন শিল্প বলে। যেমন: বস্ত্র শিল্প।
প্রশ্ন-১২. সংযোজন শিল্প কী?
উত্তর: যে শিল্পে পৃথক পৃথক অনেক অংশকে একত্র করে একটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী নতুন পণ্যে পরিণত করা হয়, তাকে সংযোজন শিল্প বলে। যেমন: জাহাজ, মোটর গাড়ি প্রভৃতি।
প্রশ্ন-১৩. বিশ্লেষণ শিল্প কী?
উত্তর: একই পদার্থ থেকে বিশ্লেষণের মাধ্যমে একাধিক পণ্যসামগ্রী তৈরি করাকে বিশ্লেষণ শিল্প বলে। যেমন: খনিজ তেল পরিশোধনের মাধ্যমে পেট্রল, কেরোসিন, ডিজেল তৈরি করা।
প্রশ্ন-১৪. প্রক্রিয়াজাতকরণ শিল্প কী?
উত্তর: যে শিল্পে একাধিক স্তর বা প্রক্রিয়া ব্যবহার করে কোনো একটি সম্পূর্ণ পণ্য বা দ্রব্য তৈরি করা হয়, তাকে প্রক্রিয়াজাত শিল্প বলে। যেমন: তুলা থেকে সুতা, অতপর সুতা থেকে বস্ত্র তৈরি।
প্রশ্ন-১৫. যৌগিক বা সংশ্লেষণ শিল্প কাকে বলে?
উত্তর: কয়েকটি পৃথক পদার্থকে সংযুক্ত করে এদের সংমিশ্রণে নতুন কোনো দ্রব্য তৈরি করার প্রক্রিয়াকে যৌগিক বা সংশ্লেষণ শিল্প বলে। যেমন: সাবান, পেস্ট, সার উৎপাদন প্রভৃতি।
প্রশ্ন-১৬. নির্মাণ শিল্প কী?
উত্তর: অবকাঠামোগত উন্নয়ন বা কোনো স্থাপনা তৈরির কাজে নিয়োজিত শিল্পকে নির্মাণ শিল্প বলে। যেমন: পদ্মা সেতু নির্মাণ, উড়াল সেতু নির্মাণ প্রভৃতি।
প্রশ্ন-১৭. সেবা পরিবেশক শিল্প কাকে বলে?
উত্তর: আরামদায়ক, সুন্দর ও সহজ জীবনযাত্রার জন্য বিভিন্ন ধরনের সেবা কাজে নিয়োজিত শিল্পকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন: হাসপাতাল, ব্যাংক।
প্রশ্ন-১৮. বাণিজ্য কী?
উত্তর: উৎপাদিত পণ্য ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে সম্পাদিত যাবতীয় কাজকে (ক্রয়, বিক্রয়, পরিবহন প্রভৃতি) বাণিজ্য বলে।
প্রশ্ন-১৯. বিনিময় কী?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য কেনা-বেচা করাকে পণ্য বিনিময় বা ট্রেড বলে।
প্রশ্ন-২০. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?
উত্তর: মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে পণ্য কেনা-বেচা করাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
প্রশ্ন-২১. অভ্যন্তরীণ ব্যবসায়কে কত ভাগে ভাগ করা যায়?
উত্তর: অভ্যন্তরীণ ব্যবসায়কে দু’ভাগে ভাগ করা যায়। যথা: ১. পাইকারি ও ২. খুচরা ব্যবসায়।
প্রশ্ন-২২. পাইকারি ব্যবসায় কাকে বলে?
উত্তর: উৎপাদনকারী বা আমদানিকারকের কাছ থেকে বেশি পরিমাণে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করাকে পাইকারি ব্যবসায় বলে।
প্রশ্ন-২৩. খুচরা ব্যবসায় কী?
উত্তর: উৎপাদক, পাইকার, বিক্রয় প্রতিনিধি বা আমদানিকারকের কাছ থেকে পণ্য কিনে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করা হলে, তাকে খুচরা ব্যবসায় বলে।
প্রশ্ন-২৪. বৈদেশিক বাণিজ্য কাকে বলে?
উত্তর: মুনাফা অর্জনের লক্ষ্যে দু’টি ভিন্ন দেশের ব্যবসায়ীর মধ্যে পণ্য কেনা-বেচা করাকে বৈদেশিক বাণিজ্য বলে।
প্রশ্ন-২৫. বৈদেশিক পণ্য বণ্টন কত প্রকার?
উত্তর: বৈদেশিক পণ্য বণ্টন চার প্রকার। যথা: আমদানি, রপ্তানি, অন্ট্রাপো ও পুনঃরপ্তানি।
প্রশ্ন-২৬. আমদানি কাকে বলে?
উত্তর: বিক্রির উদ্দেশ্যে বিদেশ থেকে পণ্য কিনে নিজ দেশে আনাকে আমদানি বলে।
প্রশ্ন-২৭. রপ্তানি কাকে বলে?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিদেশি কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রি করাকে পণ্য রপ্তানি বলে।
প্রশ্ন-২৮. পুনঃরপ্তানি কাকে বলে?
উত্তর: আমদানিকৃত পণ্যের গুণগত মান বা আকৃতির পরিবর্তন করে তা আবার অন্য কোনো দেশে রপ্তানি করা হলে, তাকে পুনঃরপ্তানি বলে।
প্রশ্ন-২৯. অন্ট্রাপো কাকে বলে?
উত্তর: আমদানিকৃত পণ্য বন্দরে এনে অপরিবর্তিত অবস্থায় তৃতীয় কোনো দেশে রপ্তানি করাকে অন্ট্রাপো বলে।
প্রশ্ন-৩০. জিএসপি (GSP) কী?
উত্তর: জিএসপি (GSP) হলো এমন একটি সুবিধা, যার মাধ্যমে উন্নয়নশীল দেশের পণ্য বিনা শুল্কে উন্নত দেশে প্রবেশাধিকার পায়।
প্রশ্ন-৩১. বিমা ব্যবসায় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উত্তর: বিমা ব্যবসায়ের ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে।
প্রশ্ন-৩২. পরিবহন কোন ধরনের বাধা দূর করে?
উত্তর: পরিবহন স্থানগত বাধা দূর করে।
প্রশ্ন-৩৩. গুদামজাতকরণ কোন ধরনের বাধা দূর করে?
উত্তর: গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে।
প্রশ্ন-৩৪. জ্ঞানগত বাধা কীভাবে দূর হয়?
উত্তর: বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে জ্ঞানগত বাধা দূর হয়।
প্রশ্ন-৩৫. বাজারজাতকরণ প্রসার কী?
উত্তর: সম্ভাব্য ক্রেতা বা ভোক্তাকে পণ্য বা সেবার প্রতি বিভিন্ন প্রক্রিয়ায় (প্রচার, বিজ্ঞাপন প্রভৃতি) আকৃষ্ট করাকে বাজারজাতকরণ প্রসার বলে।
প্রশ্ন-৩৬. ব্যবসায়ে প্রত্যক্ষ সেবা কী?
উত্তর: গ্রাহকদের সরাসরি সেবা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করাকে প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায় বলে। যেমন: ডাক্তারি, ওকালতি প্রভৃতি।
প্রশ্ন-৩৭. বিশেষায়ণ কী?
উত্তর: বিশেষ কাজে কর্মীর দক্ষতা বা বিশেষ জ্ঞান বাড়ানোর জন্য কাজ ভাগ করাকে বিশেষায়ণ বলে।
প্রশ্ন-৩৮. উৎপাদন কী?
উত্তর: প্রাকৃতিক সম্পদকে রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করাকে উৎপাদন বলে।
প্রশ্ন-৩৯. প্রমিতকরণ কী?
উত্তর: বিপণন ও কেনা-বেচার সুবিধার জন্য পণ্যের মানের সীমা নির্ধারণ করাকে প্রমিতকরণ বা মান নির্ধারণ বলে।
প্রশ্ন-৪০. পর্যায়িতকরণ কী?
উত্তর: বিপণন ও কেনা-বেচার সুবিধার জন্য পণ্যের গুণাগুণ, ওজন, আকৃতি প্রভৃতির ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বলে।
প্রশ্ন-৪১. ক্যারিয়ার বা জীবনোপায় কী?
উত্তর: কোনো ব্যক্তি তার জীবিকা অর্জন ও জীবনে সাফল্য লাভের উপায় হিসেবে যে কাজ বা উপায় বেছে নেন, তাকে ক্যারিয়ার বা জীবনোপায় বলে।
প্রশ্ন-৪২. সামাজিক ব্যবসায় কাকে বলে?
উত্তর: ব্যক্তিগত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত না হয়ে দারিদ্র্য দূরীকরণ, সামাজিক কল্যাণ ও ব্যবসায় প্রসারের উদ্দেশ্য নিয়ে মূলধন বিনিয়োগ ও পরিচালনা করাকে সামাজিক ব্যবসায় বলে।
প্রশ্ন-৪৩. সামাজিক ব্যবসায়ের প্রবক্তা কে?
উত্তর: সামাজিক ব্যবসায়ের প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূস।
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ব্যবসায়ের মৌলিক ধারণা জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করুন।






