এইচএসসিব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের অংশীদারি ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হলো।
অংশীদারি ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬
প্রশ্ন-১. অংশীদারি ব্যবসায় কী?
উত্তর: ২ থেকে ২০ জন ব্যক্তি (ব্যাংকিং ব্যবসায়ে সর্বোচ্চ ১০ জন) চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলেন, তাকে অংশীদারি ব্যবসায় বলে।
প্রশ্ন-২. অংশীদারি ব্যবসায়ে অংশীদারি কী?
উত্ত: অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি বলে।
প্রশ্ন-৩. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
উত্তর: চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি।
প্রশ্ন-৪. চূড়ান্ত সদ্বিশ্বাস কী?
উত্তর: অংশীদারি ব্যবসায়ের সদস্যদের পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসকে চূড়ান্ত সদ্বিশ্বাস বলে।
প্রশ্ন-৫. অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ক কী?
উত্তর: অংশীদারদের মধ্যে চুক্তির ভিত্তিতে পারস্পরিক যে সম্পর্ক গড়ে ওঠে, তাই অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ক।
প্রশ্ন-৬. অংশীদারদের অসীম দায় কী?
উত্তর: অংশীদারি ব্যবসায়ে বিনিয়োজিত মূলধনের বাইরেও আইন অনুযায়ী অংশীদারদের দায় সৃষ্টি হওয়াকেই অংশীদারদের অসীম দায় বলে।
প্রশ্ন-৭. অসীম দায়ের পরোক্ষ সুবিধা কী?
উত্তর: অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলতে বোঝায়, অসীম দায়সম্পন্ন ব্যবসায়ে ব্যবসায়ীরা দায় থেকে মুক্তির জন্য সব সময় সতর্ক থাকেন। এতে দায় ও ক্ষতির ঝুঁকি কমে আসে।
প্রশ্ন-৮. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায় মুনাফা কীভাবে বণ্টিত হয়?
উত্তর: চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ে সমান হারে মুনাফা বণ্টিত হয়।
প্রশ্ন-৯. অংশীদারি আইন কী?
উত্তর: যে আইন অংশীদারি ব্যবসায়ের গঠন, নিবন্ধন, পরিচালনা, নিয়ন্ত্রণ, বিলোপসাধনসহ অংশীদারি ব্যবসায়ের বিভিন্ন নিয়ম-নীতি বর্ণনা করে, তাকে অংশীদারি আইন বলে।
প্রশ্ন-১০, আমাদের দেশে কত সালের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?
উত্তর: আমাদের দেশে ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়।
আরো পড়ুন: একমালিকানা ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১১. মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায় কয় প্রকার?
উত্তর: মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায় দুই (২) প্রকার।
প্রশ্ন-১২. অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য কতজন?
উত্তর: অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য ২ জন।
প্রশ্ন-১৩. সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
উত্তর: সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা ২০ জন।
প্রশ্ন-১৪. ব্যাংকিং ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
উত্তর: ব্যাংকিং ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা ১০ জন।
প্রশ্ন-১৫. অংশীদারি ব্যবসায়ের কার্যারম্ভ কী?
উত্তর: অংশীদারি ব্যবসায়ের সদস্যরা চুক্তি করার পর যেকোনো সময় ব্যবসায়িক কাজ শুরু করাকে অংশীদারি ব্যবসায়ের কার্যারম্ভ বলে।
প্রশ্ন-১৬. সাধারণ অংশীদারি ব্যবসায় কী?
উত্তর: যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় সীমাহীন থাকে এবং প্রত্যেকেই ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারেন, তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে।
প্রশ্ন-১৭. সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কাকে বলে?
উত্তর: যে অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত এবং কমপক্ষে দুজন অংশীদারের দায় সীমাহীন থাকে, তাকে সীমিত অংশীদারি ব্যবসায় বলে।
আরো পড়ুন: ব্যবসায় পরিবেশ জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১৮. নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় কী?
উত্তর: কোনো নির্দিষ্ট মেয়াদের বা নির্দিষ্ট কাজ বা উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদারি ব্যবসায় গঠিত হলে, তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে।
প্রশ্ন-১৯. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কী?
উত্তর: যে অংশীদারি ব্যবসায় কোনো নির্দিষ্ট মেয়াদ বা সময়ের জন্য গঠিত না হয়ে অনির্দিষ্ট মেয়াদের জন্য গঠিত হয়, তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলে। অর্থাৎ, এরূপ ব্যবসায়ের সমাপ্তিকাল উল্লেখ থাকে না।
প্রশ্ন-২০. নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসায় কী?
উত্তর: নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে অংশীদারি ব্যবসায় গঠিত হয় এবং উক্ত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ব্যবসায়ের বিলোপ হয়, তাকে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসায় বলে।
প্রশ্ন-২১. সাধারণ বা সক্রিয় অংশীদার কে?
উত্তর: যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগের পাশাপাশি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন, তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে।
প্রশ্ন-২২. ঘুমন্ত অংশীদার কে?
উত্তর: যে অংশীদার অংশীদারি ব্যবসায়ে মূলধন সরবরাহ করে এবং লাভ-লোকসান বহন করে, কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেন না, তাকে ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার বলে।
প্রশ্ন-২৩. সীমিত বা সীমাবদ্ধ অংশীদার কে?
উত্তর: যে অংশীদারের দায় চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে এবং পরিচালনায়ও অংশ নেন না; তাকে সীমাবদ্ধ অংশীদার বলে।
প্রশ্ন-২৪. নামমাত্র অংশীদার কে?
উত্তর: যে অংশীদার মূলধন, শ্রম বা দক্ষতা কিছুই বিনিয়োগ করেন না এবং পরিচালনায়ও অংশ নেন না; শুধু নাম ব্যবহারের অনুমতি দেন ও মুনাফা ভোগ করেন, তাকে নামমাত্র অংশীদার বলে।
প্রশ্ন-২৫. আপাতদৃষ্টিতে অংশীদার কাকে বলে?
উত্তর: যে অংশীদার ব্যবসায় থেকে অবসর নেওয়ার পর মূলধন উত্তোলন না করে তা ব্যবসায়ে রেখে দেন এবং এর বিনিময়ে সুদ নেন, তাকে আপাতদৃষ্টিতে অংশীদার বলা হয়।
প্রশ্ন-২৬. কোন ধরনের অংশীদারকে ব্যবসায়ের পাওনাদার বা ঋণদাতা বলা হয়?
উত্তর: আপাতদৃষ্টিতে অংশীদারকে ব্যবসায়ের পাওনাদার বা ঋণদাতা বলা হয়।
প্রশ্ন-২৭. আচরণে অনুমিত অংশীদার কে?
উত্তর: কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের প্রকৃত অংশীদার না হয়েও আচার-আচরণ, কথাবার্তা অথবা লেখনীর মাধ্যমে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দিলে, তাকে আচরণে অনুমিত অংশীদার বলে।
আরো পড়ুন: ব্যবসায়ের মৌলিক ধারণা জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-২৮. প্রতিবন্ধ অংশীদার কে?
উত্তর: ব্যবসায়ের অংশীদাররা কোনো ব্যক্তিকে যদি অংশীদার হিসেবে পরিচয় দেন অথবা তৃতীয় পক্ষ তাকে অংশীদার বলে মনে করেন আর তিনি তা জানা সত্ত্বেও নীরবতা অবলম্বন করেন, তাহলে তাকে প্রতিবন্ধ অংশীদার বলা হয়।
প্রশ্ন-২৯. কর্মী অংশীদার কাকে বলে?
উত্তর: যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ না করে চুক্তি অনুযায়ী নিজস্ব শ্রম ও দক্ষতাকে ব্যবহার করে নিজেকে নিয়োজিত রাখেন, তাকে কর্মী অংশীদার বলে।
প্রশ্ন-৩০. নাবালক অংশীদার কাকে বলে?
উত্তর: কোনো অংশীদারের মৃত্যুর পর তার নাবালক সন্তান অন্যান্য অংশীদারের সম্মতিতে সীমিত দায়ে ব্যবসায়ের অংশ নেওয়ার সুযোগ পেলে, তাকে নাবালক অংশীদার বলে।
প্রশ্ন-৩১. নাবালক অংশীদার সাবালকত্ব পাওয়ার কত মাসের মধ্যে অংশীদারি ব্যবসায়ে থাকা বা না থাকার সিদ্ধান্ত নিতে পারেন?
উত্তর: ৬ মাসের মধ্যে।
প্রশ্ন-৩২. নীরব অংশীদার কে?
উত্তর: অংশীদারি ব্যবসায়ের পরিচালনায় যে অংশীদারের মত প্রকাশের অধিকার থাকে না, তাকে নীরব অংশীদার বলে।
প্রশ্ন-৩৩. গোপনীয় অংশীদার কে?
উত্তর: যে ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হয়েও অংশীদার হিসেবে তার নাম গোপন রাখেন, তাকে গোপনীয় অংশীদার বলে।
প্রশ্ন-৩৪. অবসরপ্রাপ্ত অংশীদার কে
উত্তর: ব্যবসায় থেকে অবসর নেওয়ার পরও যদি কোনো অংশীদারের নাম ব্যবসায় সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়, তখন তাকে অবসরপ্রাপ্ত অংশীদার বলে।
প্রশ্ন-৩৫. চুক্তি কী?
উত্তর: দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো নির্দিষ্ট বিষয়ে পারস্পারিক সমঝোতাকে চুক্তি বলে।
প্রশ্ন-৩৬. চুক্তিপত্র কী?
উত্তর: দুই বা ততোধিক ব্যক্তি যে পত্রের মাধ্যমে নিজেদের মধ্যে চুক্তি করেন, তাকে চুক্তিপত্র বলে।
প্রশ্ন-৩৭. অংশীদারি চুক্তিপত্র কী?
উত্তর: অংশীদারি ব্যবসায়ের চুক্তির লিখিত রূপকে অংশীদারি চুক্তিপত্র বলে।
প্রশ্ন-৩৮. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কাকে বলে?
উত্তর: সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র সংরক্ষণ ও নাম তালিকাভুক্ত করাকে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলে।
প্রশ্ন-৩৯. অংশীদারি যোগ্যতা কী?
উত্তর: অংশীদারদের যোগ্যতা বলতে অংশীদারি চুক্তি করা এবং ব্যবসায় গঠন ও পরিচালনার ক্ষেত্রে সব আইনগত যোগ্যতা থাকাকে বোঝায়।
প্রশ্ন-৪০. অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন কী?
উত্তর: অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলতে মূলত অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্কের বিলুপ্তিকে বোঝায়।
প্রশ্ন-৪১. অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন কতভাবে হতে পারে?
উত্তর: অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ৫ ভাবে হতে পারে।
এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের অংশীদারি ব্যবসায় জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন।





