পদার্থের গাঠনিক ধর্ম জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি পদার্থের গাঠনিক ধর্ম জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

এইচএসসিপদার্থবিজ্ঞান ১ম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন। ২০২৬ সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হলো। পদার্থের গাঠনিক ধর্ম জ্ঞানমূলক প্রশ্ন PDF Download করে অফলাইনেও পড়তে পারবে। তাহলে চলো, শুরু করি।


পদার্থের গাঠনিক ধর্ম জ্ঞানমূলক প্রশ্ন ২০২৬

১) স্থিতিস্থাপক বলের সংজ্ঞা দাও।

উ: স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর আকার-আকৃতির বিকৃতি ঘটে এবং বল অপসারণের ফলে বস্তুটি পূর্বের আকার ফিরে পায় সেই বলকে স্থিতিস্থাপক বল বলে।

২) কৃন্তন বিকৃতি কী?

উ: যদি প্রযুক্ত বাহ্যিক বলের ক্রিয়ায় বস্তুর আয়তন অপরিবর্তিত থেকে কেবলমাত্র এর আকৃতির পরিবর্তন হয় তবে বস্তুর ঐ ধরনের বিকৃতিকে কৃন্তন বিকৃতি বলা হয়।

৩) স্থিতিস্থাপক সীমা কী?

উ: বাইরে থেকে প্রযুক্ত যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে অর্থাৎ সবচেয়ে বেশি যে বল প্রয়োগ করে বল অপসারণ করলে বস্তুটি পূর্বাবস্থায় ফিরে যায় তাই বস্তুটির স্থিতিস্থাপক সীমা।

৪) স্থিতিস্থাপক ক্লান্তি কী?

উ: কোনো বস্তু বা তারের উপর ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করলে স্থিতিস্থাপকতা ধর্ম হ্রাস পায়। এর ফলে বল অপসারণের সাথে সাথে বস্তু পূর্বের অবস্থা ফিরে পায় না। কিছুটা দেরী হয়। বস্তুর এই অবস্থাই স্থিতিস্থাপক ক্লান্তি।

৫) পয়সনের অনুপাত কাকে বলে?

উ: স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে।

৬) সান্দ্রতা কাকে বলে?

উ: যে ধর্মের জন্য প্রবাহী এর অভ্যন্তরীণ বিভিন্ন স্তরের মধ্যকার আপেক্ষিক গতির বিপরীতে (স্পর্শীয়ভাবে) বাধার সৃষ্টি করে তাকে প্রবাহীর সান্দ্রতা বলে।

৭) পৃষ্ঠটান কী?

উ: কোনো তরল পৃষ্ঠের উপর একটি রেখা কল্পনা করলে রেখাটির উভয় পার্শ্বে প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল বা টান ক্রিয়া করে তাই পৃষ্ঠটান বা তলটান।

৮) সংশক্তি বল কী?

উ: সংশক্তি বল হলো একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল।

৯) বিকৃতি কাকে বলে?

উ: বল প্রয়োগে কোনো একটি বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে।

আরো পড়ুন: পদার্থবিজ্ঞান কাজ, শক্তি ও ক্ষমতা জ্ঞানমূলক প্রশ্ন

১০) পীড়ন কাকে বলে?

উ: বাহ্যিক বল ক্রিয়ার ফলে কোনো বস্তুর দৈর্ঘ্য বা আকার বা আয়তনের পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে এ বলকে বাধাদানকারী একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। অর্থাৎ বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত ক্রিয়ামূলক বা প্রতিক্রিয়ামূলক বলের মানকে পীড়ন বলে।

১১) অন্ত্যবেগ, প্রান্তিক বেগ বা Terminal velocity কাকে বলে?

উ: কোন সান্দ্র প্রবাহী দিয়ে যদি কোন গোলক ধ্রুব বেগ নিয়ে পতিত হতে থাকে তবে ঐ বেগই হবে প্রান্তবেগ বা অন্ত্যবেগ বা প্রান্তিকবেগ বা Terminal velocity বলে।

১২) স্পর্শ কোণ কাকে বলে?

উ: কঠিন ও তরল পদার্থের স্পর্শ বিন্দু হতে বক্রাকার তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে যে কোণ সৃষ্টি করে তাকে উক্ত কঠিন ও তরলের স্পর্শ কোণ বলে।

১৩) হুকের সূত্র বিবৃতি কর।

উ: স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ওপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক।

১৪) স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে?

উ: স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে।

১৫) পৃষ্ঠ শক্তি কাকে বলে?

উ: কোনো একটি তরল তলের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই তলের পৃষ্ঠ শক্তি বলে।

১৬) স্থিতিস্থাপকতা কাকে বলে?

উ: বস্তুর ওপর প্রযুক্ত বলের ক্রিয়ায় তার আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে পদার্থের যে ধর্ম বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারিত হলে পূর্বের আকার বা আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে।

১৭) কৈশিকতা কাকে বলে?

উ: কৈশিক নলে (অতিসূক্ষ্ম ও ছিদ্রবিশিষ্ট) তরলের অধিক্ষেপ বা অবক্ষেপকে কৈশিকতা বলে।

১৮) ভ্যান ডার ওয়াল বন্ধন কাকে বলে?

উ: কাছাকাছি অবস্থিত পরমাণুসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে একটি দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয়। এই ক্রিয়াকে ভ্যান ডার ওয়াল ক্রিয়া বলে। ভ্যান ডার ওয়াল ক্রিয়ার ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে ভ্যান ডার ওয়াল বন্ধন বলে।

১৯) নমনীয় বস্তু কাকে বলে?

উ: বিকৃতিকারী বল অপসারণের পর যদি বস্তুর অবস্থার পুনঃপ্রাপ্তি না ঘটে তবে তাকে নমনীয় বস্তু বলে।

আরো পড়ুন: এইচএসসি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব জ্ঞানমূলক প্রশ্ন

২০) পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?

উ: কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার পর ওই বল অপসারণ করা হলে বস্তুটি যদি পুরাপুরি পূর্বের অবস্থা ফিরে পায় তবে তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে।

২১) পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে?

উ: কোনো বস্তুর ওপর যে কোনো পরিমাণ বল প্রয়োগ করে যদি তার বিকৃতি বা কায়িক পরিবর্তন ঘটানো না যায়, তবে ওই বস্তুকে পূর্ণ দৃঢ় বস্তু বলে।

২২) অসহ ভার বা ওজন কাকে বলে?

উ: ন্যূনতম যে নির্দিষ্ট ভরের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙ্গে বা ছিঁড়ে যায় তাকে অসহ ভার বা ওজন বলে।

২৩) অসহ পীড়ন কাকে বলে?

উ: কোনো একটি বস্তু একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহ ভারকে অসহ পীড়ন বলে।

২৪) ইয়ং-এর গুণাঙ্ক কাকে বলে?

উ: স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এ ধ্রুব রাশিকে বস্তুর উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক বলে।

২৫) আয়তন গুণাঙ্ক কাকে বলে?

উ: স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। ধ্রুব রাশিকে বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক বলে।

২৬) সংনম্যতা কাকে বলে?

উ: কোনো বস্তুর চারদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুটির আয়তন কমে যায়। বস্তুর এ ধর্মকে সংনম্যতা বলে।

২৭) সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক কাকে বলে?

উ: তরলে গতিবেগের একক নতিমাত্রা বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শিনী বল প্রয়োজন তাকে ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক বলে।

২৮) আসঞ্জন বল কাকে বলে?

উ: বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে আসঞ্জন বল বলে।

আরো পড়ুন: পদার্থবিজ্ঞান নিউটনিয়ান বলবিদ্যা জ্ঞানমূলক প্রশ্ন

২৯) সমপ্রবাহ কাকে বলে?

উ: যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব থাকে, তবে তাকে সমপ্রবাহ বলে।

৩০) অসম প্রবাহ কাকে বলে?

উ: যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ সমান না থাকে, তবে তাকে অসম প্রবাহ বলে।

৩১) স্থির প্রবাহ কাকে বলে?

উ: যদি সর্বত্র প্রবাহীর বেগ সমান থাকে, তবে তাকে স্থির প্রবাহ বলে।

৩২) অস্থির প্রবাহ কাকে বলে?

উ: যদি সর্বত্র প্রবাহীর বেগ সমান থাকে, তবে তাকে স্থির প্রবাহ বলে।

৩৩) সমরেখ প্রবাহ কাকে বলে?

উ: যদি প্রবাহীর বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরালে চলে তবে তাকে সমরেখ প্রবাহ বলে।

৩৪) বিক্ষিপ্ত প্রবাহ কাকে বলে?

উ: যদি প্রবাহীর স্তর পরস্পরের সমান্তরালে না চলে, বরং গতিতে আবর্ত বা ঘূর্ণন সৃষ্টি করে তবে তাকে বিক্ষিপ্ত প্রবাহ বলে।

৩৫) সান্দ্রতাঙ্কের মাত্রা ও একক কি?

উ: সান্দ্রতাঙ্কের মাত্রা = ML-1 T-1

η এর এস. আই একক = Nsm-2, বা Pas, বা kgm-1 s-1


এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফডাউনলোড করুন।

সমাধানে যদি কোনো ভুল খুঁজে পান, তবে দয়া করে আমাদের জানিয়ে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top